রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। সংসদের বিরোধী দলীয় এই উপনেতা বলেন, সংবাদ মাধ্যম কর্মীদের ওপর হামলা হচ্ছে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এক সভা শেষে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলার শিকার হচ্ছেন এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। রমজানের পবিত্রতা ভেঙে যারা সন্ত্রাস ও নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।
এসময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আবদুল্লাহ সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।